বাংলাধারা প্রতিবেদন»
চট্টগ্রামের পুরাতন চান্দগাঁওয়ে নালায় পড়ে এক শিশু ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে। শনিবার (২৬ মার্চ) বিকেলে পাঠানিয়া গোদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে নালায় পড়ে যাওয়া শিশু ও তার পরিবারের পরিচয় জানা যায় নি।
ভিডিওচিত্রে দেখা গেছে, দুই নারী শিশুটিকে নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। একপর্যায়ে এক নারীর হাত ধরা অবস্থায় শিশুটি সাফা মারওয়া ইলেকট্রনিক্স নামের দোকানের সামনের ফুটপাতে থাকা গর্তে পড়ে যায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় দুই নারী দ্রুত শিশুটিকে টেনে তুলতে সক্ষম হন। এর পরপরই তারা শিশুটিকে নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নালাটির সংস্কারকাজ করার পর ভালোভাবে স্ল্যাব বসানো হয়নি। ফলে ফুটপাতটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এর আগেও কয়েকজন পথচারী ওই ফুটপাত দিয়ে হাঁটার সময় নালায় পড়ে যায়। বিপজ্জনক স্থানটিতে কোনো প্রতিবন্ধকতাও তৈরি করা হয়নি। বর্ষা মৌসুম হলে শিশুটি পানিতে তলিয়ে যেত।
উল্লেখ্য, গত এক বছরে নগরীতে খোলা নালা ও খালে পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছালেহ আহমেদ নামের একজনের এখনও খোঁজ মেলেনি।












