আর মাত্র একদিন পর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর চট্টগ্রাম কেন্দ্রের নির্বাচন। তবে ভোট গ্রহণের আগে ফেসবুকে ছড়িয়ে পড়েছে নির্বাচনের ব্যালট পেপার। গুরুত্বপূর্ণ এই পেপার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসতে থাকায় নির্বাচনের প্রার্থী ও ভোটারদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এতে নির্বাচনের স্বচ্ছতা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের দায়িত্বশীল ভূমিকা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।
আগামীকাল ১২ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আইইবি চট্টগ্রাম কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২০২৬ সালের এ নির্বাচনে মূলত তিনটি প্রধান প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপি সমর্থিত ‘অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)’, জামায়াত সমর্থিত ইঞ্জিনিয়ার্স ফোরাম ও বিএনপি সমর্থিত অপর অংশ ‘ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স প্যানেল’।
আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ১ জন চেয়ারম্যান, ২ জন ভাইস-চেয়ারম্যান, ১ জন সম্মানি সম্পাদক, ৪ জন সেন্ট্রাল কাউন্সিল ও ৩০ জন লোকাল কাউন্সিল সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এ্যাব প্যানেল থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম এবং সম্মানি সম্পাদক পদে লড়ছেন প্রকৌশলী রাশেদ আলম।
অন্যদিকে, ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স প্যানেল থেকে চেয়ারম্যান পদে ওয়াসার চট্টগ্রামের সাবেক প্রধান প্রকৌশলী ইয়াকুব সিরাজ উদ্দৌলা ও সম্মানি সম্পাদক পদে এ্যাব চট্টগ্রাম বিভাগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিইউএফএল’র উপ-প্রধান প্রকৌশলী মুনতাসীর মামুন মুন্না প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া জামায়াত সমর্থিত প্যানেল থেকে চেয়ারম্যান ও সম্মানি সম্পাদক পদে যথাক্রমে প্রকৌশলী মনজারে খোরশেদ আলম ও প্রকৌশলী মেজবাউদ্দিন খালেদ প্রার্থী হয়েছেন।
নির্বাচনের মতো একটি সংবেদনশীল প্রক্রিয়ায় ভোটগ্রহণের আগের দিন ব্যালট পেপারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়টি নজিরবিহীন বলে মনে করছেন একাধিক প্রার্থী ও ভোটার। সাধারণত ব্যালট পেপার ভোটগ্রহণের আগপর্যন্ত সর্বোচ্চ গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার সঙ্গে সংরক্ষিত থাকার কথা। কিন্তু ভোটের আগের দিন তা প্রকাশ্যে চলে আসায় নির্বাচন ব্যবস্থাপনার নিরাপত্তা ও তদারকি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা জানান, ভোটের ঠিক আগমুহূর্তে ব্যালট পেপারের ছবি এভাবে বাইরে চলে আসা অত্যন্ত দুঃখজনক। পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রশ্ন উঠেছে— ব্যালট পেপার কিভাবে এবং কার মাধ্যমে বাইরে এলো? নির্বাচনী নথির গোপনীয়তা রক্ষায় দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের নজরদারিতে কোনো বড় ঘাটতি ছিল কিনা এবং এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার কে নেবে?
প্রকৌশলীদের সর্বোচ্চ পেশাজীবী সংগঠনের নির্বাচনে এমন ঘটনা সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভোটাররা। তাই দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত, ব্যালট পেপার ফাঁসের উৎস শনাক্তকরণ ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যা দাবি তোলেন।
এ প্রসঙ্গে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মো. নুরুল আলম বলেন, ‘পুরোনো ব্যালট পেপারগুলো হয়তো ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আপনি কিভাবে পেয়েছেন, তা আমার জানা নেই। এ বিষয়ে এর বেশি কিছু বলতে পারব না।’













