বাংলাধারা ডেস্ক »
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯তম জন্মদিন আজ ।
১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সল্ফ্ভ্রান্ত শেখ পরিবারে তার জন্ম। তার বাবা শেখ জহুরুল হক ও মা হোসনে আরা বেগম।
তিনি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতা। বেগম ফজিলাতুন্নেছা মুজিব বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনেক জটিল ও সংকটময় পরিস্থিতিতে বঙ্গবন্ধুর পাশে থেকে তাকে পরামর্শ দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেছেন।
বঞ্চিত-নিপীড়িত বাঙালির অধিকারের জন্য আন্দোলন করায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর আক্রোশে বঙ্গবন্ধু যখন নিয়মিত জেল-জুলুমের শিকার হতেন, তখন বেগম ফজিলাতুন্নেছা মুজিব চরম ত্যাগ স্বীকার করে সন্তান-সংসার আগলে রাখেন।
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বাঙালির মুক্তি সংগ্রামকে এগিয়ে নিতে গৃহবন্দি অবস্থায়ও তিনি অসাধারণ ভূমিকা রাখেন।
১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বঙ্গবন্ধু এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ঘাতকের বুলেটে শহীদ হন তিনি। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।
পৃথক বাণীতে তারা এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার আত্মার শান্তি কামনা করেছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য দল ও সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।
বিভিন্ন দল ও সংগঠন দিনটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। আওয়ামী লীগ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে ফজিলাতুন্নেছা মুজিবের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করবে। যুবলীগ সকাল ১০টায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা করবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আলাদাভাবে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল করবে।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












