৪ মে ২০২৬

ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ব্যারিকেড দিয়ে ফের ডাকাতি

কক্সবাজার প্রতিনিধি »

দীর্ঘদিন বন্ধ থাকার পর কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় সড়কে ব্যারিকেড দিয়ে ফের যানবাহনে হানা দিয়েছে সশস্ত্র ডাকাত দল। দুটি গাড়ি ব্যরিকেড পেরিয়ে পালিয়ে এলেও আরো কয়েকটি সিএনজি অটোরিকশা ডাকাতির কবলে পড়েছে। সেসব গাড়ির যাত্রীদের মোবাইল, নগদ টাকাসহ মালামাল লুট করেছে ডাকাতদল। ডাকাতের ব্যারিকেড ভেঙে পালিয়ে আসা সিএনজি অটোরিকশা ও মিনি ট্রাকের সামনের গ্লাস ভেঙে ফেলেছে ডাকাতদল।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঈদগড় ও ঈদগাঁও অভিমূখী যাত্রীবাহি এসব যানবাহনে এ তাণ্ডব চালানো হয় বলে জানিয়েছেন ভুক্তভোগিরা। গত পক্ষকালে বেশ কয়েকটি বিচ্ছিন্ন ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুক্তভোগী সূত্র জানায়, কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কটি বান্দরবানের নাইক্যংছড়ির বাইশারী, রামুর ঈদগড় ও কক্সবাজার সদরের গজালিয়াসহ আশপাশের কয়েক লাখ মানুষের একমাত্র যাতায়াত পথ। সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে রাতে-দিনে ডাকাতি হয়ে এসেছে দীর্ঘদিন। রামু ও কক্সবাজার সদরের সীমানায় পড়া এ স্থানটি পাহাড়ের মাঝখানে হওয়ায় ডাকাতির পর দুর্বৃত্তদল গহীন বনে ঢুকে যায়। ডাকাতি বন্ধে দুই থানার দুটি টহলদল সকাল ৮টা হতে রাত ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করতো। এতে ওইস্থানে ডাকাতি একপ্রকার বন্ধ হয়। কিন্তু করোনা কাল হতে সড়কে পুলিশ টহল বন্ধ। এরপরও দীর্ঘদিন সড়কে ডাকাতের হানা বন্ধ ছিল। তবে, বৃহস্পতিবার সন্ধ্যায় সড়কে ব্যারিকেড দিয়ে সশস্ত্র ডাকাতদল একটি টাটা পরিবহন ও দুটি সিএনজি অটোরিকশাকে গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায়। প্রথম গাড়ি দুইটি ব্যারিকেড ভিঙ্গিয়ে পালানোর সময় ডাকাতরা হাতে থাকা লম্বা কিরিচ দিয়ে কোপালে সামনের গ্লাস ভেঙ্গে যায়। জীবন ঝুঁকি জেনেও টাটা এবং সিএনজি অটোরিকশাটি পালিয়ে যেতে সক্ষম হয়।

তারা আরও জানায়, প্রথম দুটি গাড়ি পালাতে পারলেও ডাকাতের কবলে পড়ে অপর সিএনজি অটোরিকশা (কক্সবাজার থ-১১-৭৮১৫)। সেই সিএনজি যাত্রীদের মোবাইল, নগদ টাকা ও মালামাল লুট করা হয়।

ডাকাতির খবর ছড়িয়ে পড়লে ঈদগাঁও থানার একদল পুলিশ ঘটনাস্থলে যান। ডাকাত কবলিত সিএনজি গাড়িটি তথ্য সংগ্রহের জন্য ঈদগাঁও থানার হেফাজতে আনা হয়েছে।

পালিয়ে আসা টাটা পিকআপের চালক মানিক জানান, গাড়ি নিয়ে হিমছড়ি ঢালায় পৌঁছলে পর্ব থেকে উৎপেতে থাকা ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত পার্শ্ববর্তী জঙ্গল থেকে বের হয়। তাদের হাতে দেখা যায় দেশিয় তৈরি বন্দুক, লাঠি, ধারালো কিরিচ। ডাকাত দল গাড়ির দিকে অস্ত্র থাক করলেও ব্যারিকেড ভেঙে দ্রুত গাড়ি নিয়ে পালানো চেষ্টা করি। কিন্তু ডাকাত দল তাদের হাতে থাকা লম্বা কিরিচ দিয়ে আঘাত করে গাড়ির গ্লাসে। জীবন বাজি রেখে পালিয়ে আসতে সক্ষম হলেও গ্লাস ভেঙে গেছে।

ঈদগাঁও থানার ওসি গোলাম কবির বলেন, কয়েকট সিএনজি অটোরিকশায় ডাকাতি সংগঠিত হয়েছে শুনে তড়িৎ অভিযান চালানো হয়। ঘটনাস্থলে ডাকাত কবলিত একটি সিএনজি পাওয়া যায়। দুর্বৃত্তদল পাহাড়ে ঢুকে যাওয়ায় ততক্ষণাত কাউকে ধরা যায়নি। তাদের সনাক্ত ও গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রেখেছে পুলিশ। বন্ধ থাকা পুলিশ চেকপোস্ট ও টহল শুক্রবার সকাল হতে আবারো সচল করা হয়েছে বলে উল্লেখ করে ওসি কবির বলেন, স্থানীয় ও পথচারীরা তথ্য দিয়ে সহযোগিতা করলে ডাকাত ও ডাকাতি প্রতিরোধ সম্ভব।

প্রসঙ্গত, এ ঢালায় ডাকাতের গুলি ও দায়ের কোপে রাজ নামে এক কলেজ ছাত্র কাম কণ্ঠশিল্পী নিহত হয়েছিল।এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ডাকাতি বন্ধ থাকলেও ঈদগাঁও-ঈদগড় সড়কের হঠাৎ ডাকাতের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় যাত্রী ও পথচারীদের মনে নতুন করে ভীতির সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন