নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্তী রামু উপজেলার ঈদগড়ে বন্যহাতির আক্রমণে মো. আব্দু রশিদ (৫৫) প্রকাশ খুইল্যা মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঈদগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মইত্যাতলি এলাকায় এ ঘটনা ঘটে। ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণের শিকার হন তিনি।
নিহত আব্দু রশিদ ওই এলাকার বাসিন্দা। তিনি চার ছেলে ও এক মেয়ের জনক। তাঁর মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের সঙ্গে থাকা তাঁর শ্যালক জানান, প্রতিদিনের মতো তাঁরা দুজন কৃষিকাজ করতে জমিতে গিয়েছিলেন। এ সময় বন থেকে একদল বন্যহাতি ধানখেতে চলে আসে। হাতির পালকে খেত থেকে তাড়াতে গেলে আব্দু রশিদ আক্রমণের শিকার হন। তিনি পালিয়ে প্রাণে বাঁচতে পারলেও বয়সের কারণে আব্দু রশিদ দ্রুত সরে যেতে পারেননি। এতে হাতির আক্রমণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ঈদগড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সিকদার বলেন, ফসলি জমির ধান রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আব্দু রশিদ।
ঘটনার পর নিহতের মরদেহ তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঈদগড় রেঞ্জের বন বিভাগের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এদিকে ফসল রক্ষা করতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বনাঞ্চল-সংলগ্ন এলাকায় বন্যহাতির বিচরণ ও ফসলি জমিতে হাতির অনুপ্রবেশের কারণে কৃষকদের জীবনের ঝুঁকি বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।














