কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও সাতটি তাজা গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) এক সক্রিয় ক্যাম্প কমান্ডারকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম বেলাল। তিনি উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকের বাসিন্দা আব্দু শুক্কুরের ছেলে। এসআরবি-১৫-এর দাবি, বেলাল আরসার একজন সক্রিয় ক্যাম্প কমান্ডার। অভিযান শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি দল বালুখালী এলাকায় অভিযান চালায়। এ সময় ইসমাইল খানের বাড়ির সামনের ইটের সলিং সড়ক থেকে বেলালকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁর কাছ থেকে একটি লোডেড বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, সাতটি তাজা গুলি, একটি অ্যান্ড্রয়েড মুঠোফোন ও দুটি অ্যাংকলেট উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার বেলাল এবং উদ্ধার করা অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।













