চট্টগ্রামের পটিয়ায় মেজবান অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবোঝাই একটি লেগুনা উল্টে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মনসা মুন্সির বাড়ি এলাকার গিয়াস উদ্দিনের পরিবারের সদস্যরা চার চাকার একটি লেগুনায় করে চন্দনাইশের রওশনহাট এলাকায় যাচ্ছিলেন। সেখানে এক আত্মীয়ের বাড়িতে মেজবান অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁদের।
পথে পটিয়া মডেল মসজিদের সামনে পৌঁছালে দ্রুতগতির কারণে চালক লেগুনাটির নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি সড়কে উল্টে যায়। এতে লেগুনায় থাকা নারী ও শিশুসহ ১৪ জন আহত হন।
আহতরা হলেন— সামিয়া (১৮), রনি (১২), সাদেক (২৪), হৃদয় (২০), সিফাত (২৫), বোরহান (৪০), গিয়াস উদ্দিন (৪৫), আবদুর রহিম (৪৫), সাদিকা (৬), আনোয়ারা খাতুন (৬০), খাইরুন্নেয়সা (৩৫), তানিয়া সুলতানা (১৮), রুবি আক্তার (৩০) ও ইরফান (১৮)। তাঁরা সবাই পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের বাসিন্দা।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তারেকুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়েছে। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ায় তাঁরা সেখানে যাননি।
তবে পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ওমর ফারুক জানান, সড়ক দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। তবে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।













