চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের ৬৪টি জমির দলিল এক দিনেই নিবন্ধন করে দেওয়ার ঘটনায় সাবরেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। যা জানাজানি হয় ১১ নভেম্বর বিকেলে।
চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সাবরেজিস্ট্রার রেজাউল করিম বকসু বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত জঙ্গল সলিমপুরের মোট ৭৪টি দলিলের মাধ্যমে জমি বিক্রি ও নিবন্ধন করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াসিনের ৬৪টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করেন তৎকালীন সীতাকুণ্ডের সাবরেজিস্ট্রার রায়হান হাবিব। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে কর্মরত ছিলেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর গত ২৮ অক্টোবর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আইন মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ করেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ইয়াসিন জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি বিক্রি করেছেন। র্যাবের এক কর্মকর্তা হত্যা মামলার আসামি ইয়াসিন সলিমপুর মৌজার বিভিন্ন দাগের এসব জমি আলীনগরের বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করেন।
উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্য যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেন। ওই অভিযানের পর ইয়াসিনসহ সংশ্লিষ্ট সন্ত্রাসীরা পলাতক রয়েছেন।
বর্তমানে জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।













