১২ নভেম্বর ২০২৬

অভিযোগ যুবদল-কৃষকদল নেতার বিরুদ্ধে

মিরসরাইয়ে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

চট্টগ্রামের মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই সহোদরকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার বড়দারোগারহাট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় আহতদের সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

আহত দুই ভাই হলেন মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেন বাবু ও তাঁর ছোট ভাই জয়নাল আবেদীন বাপ্পি। তাঁদের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। বর্তমানে তাঁরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি নিয়ে একই এলাকার কৃষকদল নেতা ইসলামের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে জমির বিষয়ে আলোচনার কথা বলে ইসমাইল হোসেন বাবুকে বড়দারোগারহাট বাজারের একটি দোকানে ডেকে নেওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা সীতাকুণ্ডের যুবদল নেতা মান্নান ও তাঁর সহযোগীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, প্রথম দফায় হামলার পর বাবুকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে মহালংকা এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকে অবস্থান করা আরও কয়েকজন তাঁর ওপর দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় বড় ভাইয়ের ওপর হামলার খবর পেয়ে ছোট ভাই বাপ্পি ঘটনাস্থলে এগিয়ে গেলে তাঁকেও মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুক্তভোগীরা জানান, যুবদল নেতা মো. মান্নান ও কৃষকদল নেতা ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল হামলায় অংশ নেয়। এ ঘটনায় নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন তাঁরা।

স্থানীয়দের অভিযোগ, হামলায় অংশ নেওয়া সীতাকুণ্ডের ২ নম্বর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মান্নান ও শফি ওরফে ‘ইয়াবা শফি’ মিরসরাই এলাকায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁরা বহিরাগত লোকজন নিয়ে এলাকায় বিভিন্ন অপকর্মে জড়িত বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দুই ভাইয়ের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশ ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা আক্তার বলেন, বড়দারোগারহাট বাজারে দুই ব্যক্তির ওপর হামলার বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন