১৯ নভেম্বর ২০২৬

রাজপথ ছিল বিএনপির দখলে

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ‘লকডাউনে’ সাড়া নেই চট্টগ্রামে

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিতে কোনো প্রভাব পড়েনি বন্দরনগরী চট্টগ্রামে। সকাল থেকে নগর ও জেলার প্রধান সড়কগুলোতে যান চলাচল ও জনজীবন ছিল স্বাভাবিক। মহানগর ও বিভিন্ন উপজেলায় রাজপথে প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি। তবে কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজপথে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীসহ আশপাশের শিল্পাঞ্চলে স্বাভাবিক ছিল জনজীবন ও কর্মচাঞ্চল্য। সচল রয়েছে চট্টগ্রাম বন্দর, ইপিজেডসহ বিভিন্ন শিল্পকারখানা। স্বাভাবিক নিয়মেই চলেছে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহন।

সপ্তাহের শেষ কর্মদিবসে সকাল থেকে নগরীর সড়কগুলোতে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কেও যান চলাচলে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। নগরের কাজীর দেউড়ি, ওয়াসা, লালখান বাজার, টাইগারপাস ও দেওয়ানহাট এলাকায় সকাল থেকে যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বরং চট্টগ্রাম বন্দর, চকবাজার, অক্সিজেন, জিইসি মোড়, কর্নেলহাটসহ বিভিন্ন এলাকার কয়েকটি সড়কে যানবাহনের চাপ ও যানজট লক্ষ্য করা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগামী মানুষের চলাচলেও কোনো বিঘ্ন দেখা যায়নি। কোথাও লকডাউনের সমর্থনে সাধারণ মানুষের অংশগ্রহণ কিংবা যানবাহন চলাচল বন্ধের চিত্র চোখে পড়েনি।

চট্টগ্রাম বন্দর, সরকারি-বেসরকারি তিনটি ইপিজেড, মীরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানাগুলোতে যথারীতি উৎপাদন কার্যক্রম চলেছে। কোথাও লকডাউনের দৃশ্যমান কোনো প্রভাব চোখে পড়েনি।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আওয়ামী লীগের কর্মসূচির বাস্তবে কোনো প্রতিফলন দেখা যায়নি। নগরীর কোথাও দলটির নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতা বা কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি। সাধারণ মানুষের মধ্যেও কথিত এই কর্মসূচি নিয়ে তেমন কোনো আগ্রহ দেখা যায়নি।

সকাল আটটার দিকে কাজীর দেউড়ি এলাকা থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক শাহাদাত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করেন মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মধ্যরাতে হালিশহর এলাকায় এনসিপি এবং চকবাজার এলাকায় ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

বিক্ষোভ সমাবেশে শাহাদাত হোসেন বলেন, গোপালগঞ্জসহ সারা দেশে আওয়ামী সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে, তার প্রতিবাদে আমরা রাজপথে ঐক্যবদ্ধ আছি। যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ।

সকালে নিউমার্কেট মোড়ে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করের নেতৃত্বে কোতোয়ালী থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীর বহদ্দারহ্টা মোড়ে চান্দগাঁও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু। কাপ্তাই রাস্তার মাথা এলাকায় মোহরা ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে চান্দগাঁও থানা বিএনপি নেতা জানে আলম জিকুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল ৩টায় দেওয়ানহাট মোড় এলাকায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ