২১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে কবে— জানালেন জ্বালানিমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) পুনরায় চালুর কাজ শেষ পর্যায়ে রয়েছে। এটি চালু হলে বিকেল থেকেই গ্যাস সঞ্চালন শুরু হবে।

মন্ত্রী জানান, গ্যাস সঞ্চালন শুরু হওয়ার পর ধীরে ধীরে পাইপলাইনে চাপ (প্রেসার) বাড়বে। ফলে বর্তমানে যে সংকট তৈরি হয়েছে, তা পর্যায়ক্রমে কেটে যাবে এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরবে।

সংকট পুরোপুরি কাটতে কতদিন লাগবে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিনিমাম দুই থেকে তিন দিন লাগবে। এরপর আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।’

গ্যাস সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং বেড়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, গ্যাস ছাড়া বিদ্যুৎকেন্দ্র চালানো সম্ভব নয়। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বন্ধ থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো পর্যায়ক্রমে চালু করা হবে এবং বিদ্যুৎ পরিস্থিতিরও উন্নতি হবে।

বিদ্যুৎ ও গ্যাস খাতে সমালোচনার বিষয়ে তিনি বলেন, বর্তমান সংকট এমন কিছু কারণে সৃষ্টি হয়েছে, যা সরকারের নিয়ন্ত্রণের বাইরে। তবে সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বেশি বিল আসার অভিযোগ করলেও অধিকাংশ ক্ষেত্রে প্রকৃত বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিলের মিল পাওয়া যায়। উদাহরণ হিসেবে তিনি বলেন, একজন গ্রাহকের প্রায় সাত হাজার টাকা বিলের অভিযোগ তদন্ত করে দেখা গেছে, ওই বাসায় দুটি এয়ার কন্ডিশনার, ফ্রিজসহ একাধিক বৈদ্যুতিক যন্ত্র নিয়মিত ব্যবহার করা হচ্ছিল। ফলে ওই পরিমাণ বিল অস্বাভাবিক নয়।

এদিকে ভারতের হাইকমিশনারের সঙ্গে সাম্প্রতিক বৈঠক প্রসঙ্গে তিনি জানান, এটি ছিল নিয়মিত কূটনৈতিক বৈঠক। প্রতিবেশী দেশ হিসেবে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিদ্যমান পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রয়েছে এবং চাহিদা বিবেচনায় আরও বেশি ডিজেল সরবরাহের অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন