চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ নেতৃবৃন্দের সাথে সাংগঠনিক মতবিনিময় সভা করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি। এ মতবিনিময় সভার মঞ্চে তারেক রহমান ও সাংগঠনিক নেতৃবৃন্দের সাথে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের একটি ছবিকে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি বলে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে নগরীর র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ অডিটোরিয়ামে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনের কিছু ছবি প্রকাশ করা হয়। ছবিগুলো প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় সাংসদ সরওয়ার জামাল নিজাম গ্রুপের অনুসারী পরিচিত একাধিক আইডি থেকে এআই ছবি বলে মিথ্যা অপপ্রচার চালিয়ে আসে।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীরা বলেন, ছবিগুলো সম্পূর্ণ বাস্তব এবং কর্মসূচি চলাকালীন তোলা। একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়াতে এআই’র নামে অপপ্রচারে নেমেছে। এই ধরনের মিথ্যা প্রচারণা দলের ঐক্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা।
পরে সেদিনের লাইভ ভিডিও পর্যালোচনা করে দেখা যায় মঞ্চে প্রধানমন্ত্রীর সাথে থাকা ছবিগুলো সঠিক। কোনো এআই প্রযুক্তির বানানো ছবি নয়। ভিডিওতে দেখা যায় মঞ্চে প্রধানমন্ত্রীর পাশের সিটে বসে আছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। তার পিছনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মো. হেলাল উদ্দিনকে দেখা যায় পুরো অনুষ্ঠানজুড়ে।
লায়ন মো. হেলাল উদ্দিন অনুষ্ঠান মঞ্চে সাংগঠনিক আমন্ত্রণে উপস্থিত থাকলেও তাকে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার চালানো হচ্ছে— এমন অভিযোগ দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের।
এ ঘটনায় নেতাকর্মীদের বিভ্রান্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জেলা বিএনপির দায়িত্বশীল নেতারা। একই সাথে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।














