২৪ অক্টোবর ২০২৬

চবি শিক্ষার্থীকে কুপিয়ে জখম, প্রক্টরের কাছে লিখিত অভিযোগ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস এলাকায় আইন বিভাগের এক শিক্ষার্থী ও তার রুমমেটকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন আহত শিক্ষার্থী।

অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুন রাত আনুমানিক ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্যাগোডা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দেওয়া লিখিত অভিযোগে আইন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু নাঈম দাবি করেন, একই সেশনের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী আলমাস মাহফুজ রাফিদ ও তার সঙ্গে থাকা কয়েকজন স্থানীয় ব্যক্তি এ হামলায় জড়িত।

লিখিত অভিযোগে বলা হয়, ঘটনার রাতে টিউশনি শেষে আবু নাঈম কটেজে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় অভিযুক্ত আলমাস মাহফুজ রাফিদ কয়েকজন বহিরাগতকে সঙ্গে নিয়ে কটেজের দরজায় ধাক্কাধাক্কি শুরু করেন। বাড়ির মালিক বাধা দিলে তারা কটেজের সামনের প্যাগোডা রোডে অবস্থান নেয়।

পরিস্থিতির মধ্যে আবু নাঈম তার রুমমেটকে ফোন করলে কটেজে আসার পথে তাকে আটকে রড ও হকিস্টিক দিয়ে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। রুমমেটকে উদ্ধার করতে গেলে হামলাকারীরা আবু নাঈমের ওপরও চড়াও হয়। একপর্যায়ে চাপাতি দিয়ে তার ঘাড় লক্ষ্য করে কোপ দেওয়া হলে তিনি সরে যাওয়ায় কোপটি চোখের নিচে লাগে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীকে উদ্ধার করেন। প্রথমে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, অভিযুক্ত আলমাস মাহফুজ রাফিদের বিরুদ্ধে এর আগেও ধর্ষণচেষ্টা, অপহরণ ও মাদকসংশ্লিষ্ট কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ প্রক্টর অফিসে জমা পড়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী।

আহত শিক্ষার্থী আবু নাঈম বলেন, ‌‘আমি পুরোপুরি ভীতসন্ত্রস্ত ও আতঙ্কের মধ্যে আছি। কোপটা আমার চোখের নিচে লাগে। কোপটি দিয়েছে আলমাস মাহফুজ রাফিদ।’ তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থী আলমাস মাহফুজ রাফিদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির আনুষ্ঠানিক বক্তব্যও এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন