বাংলাধারা প্রতিবেদন »
আপাতদৃষ্টিতে মনে হতে পারে কেউ নার্সারিতে দাঁড়িয়ে আছেন। উচ্ছেদ করার পরে দেখা গেলো প্রায় ১০০০ ফুট দীর্ঘ একটা ড্রেন আছে যেটার উপর কেউ নার্সারি করছেন, কেউ ইট রেখে দখল করে কংকর বানিয়ে বিক্রি করছেন, কেউবা আরসিসি পিলার বানিয়ে দখল করে রেখেছেন। আর স্কুলের ছাত্রীরা মেইন রোড ধরে হাঁটছেন। অথচ এটাই হতে পারতো সুন্দর ফুটপাত।
বৃহস্পতিবার (১ আগষ্ট) সকাল ১১ টায় হাটহাজারীর চিকনদন্ডি ইউনিয়নের ফতেয়াবাদ এলাকায় চলার পথে দৃশ্যটি দেখতে পেয়ে গাড়ি থেকে নেমেই তাৎক্ষণিকভাবে ফুটপাতটি দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করে দেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
রুহুল আমিন বাংলাধারাকে বলেন, অফিসের এক কাজে শহরের দিকে আসার সময় দেখতে পাই কিছু স্কুল ছাত্রী ফুটপাত ধরে না হেঁটে প্রধান সড়কের উপর দিয়ে হেঁটে স্কুলে যাচ্ছিল। দৃশ্যটি দেখে গাড়ি থেকে নেমে দেখতে পাই ওই জায়গাতে ফুটপাত থাকার কথা থাকলেও দেখা যাচ্ছে না কোন ফুটপাত।
তিনি বলেন, ফুটপাত দখল করে কেউ নার্সারি করছেন, কেউ ইট রেখে দখল করে কংকর বানিয়ে বিক্রি করছেন, কেউবা আরসিসি পিলার বানিয়ে দখল করে রেখেছেন।
তিনি আরো বলেন, প্রায় ১০০০ ফুট দীর্ঘ ফুটপাত দখল করে তারা এ ব্যবসা চালিয়ে আসছিল। তাৎক্ষণিকভাবে তাদের সকল মালামাল উচ্ছেদ করে ফুটপাতটি পথচারীদের চলাচলের উপযোগী করা হয়েছে এবং ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












