বাংলাধারা ডেস্ক »
টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ আগস্ট) রাতে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত আরিফ উপজেলার উয়ার্শী ইউনিয়নের খৈলসিন্দুর গ্রামের আলম মিয়ার ছেলে।
এ বিষয়ে কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায় জানান, গত ৪ আগস্ট আরিফ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন।
পরে বুধবার সন্ধ্যার পর থেকেই কাশের সঙ্গে রক্তবমি হতে থাকে। এ অবস্থায় তাঁর রক্তের প্রয়োজন হলে পরিবারের লোকদের রক্তের ব্যবস্থা করতে বলা হয়। কিন্তু রক্তের ব্যবস্থা করার আগেই আরিফের মৃত্যু হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে কুমুদিনী হাসপাতালে ১৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, গত রোববার প্রচণ্ড জ্বর অনুভব করলে দ্রুত আরিফকে হাসপাতালে নিয়ে আসা হয়। রক্ত পরীক্ষায় ডেঙ্গু রোগ শনাক্ত হলে তাঁকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
তবে ভর্তির তিন দিন পর গতকাল বুধবার রাত ১০টার দিকে অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
রাতেই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, জুলাই মাস থেকে এ পর্যন্ত ১৯৯ জনের ডেঙ্গু রোগ শনাক্ত হয়। এর মধ্যে ২৩ জনকে ঢাকায় রেফার করা হয়। বর্তমানে ৬৮ জন ডেঙ্গু রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












