কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ কোটি টাকা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের গোপন তথ্য পেয়ে টেকনাফ স্টেশনের সদস্যরা গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেন। এর ধারাবাহিকতায় বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত নাফ নদীতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকা-সংলগ্ন নাফ নদী থেকে বোটটি আটক করেন। এ সময় বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় দুই মাদক পাচারকারীকে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ মাদক পাচারের সঙ্গে জড়িত অন্য কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আটকের জন্য গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।













