৪ মে ২০২৬

ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-মিনিবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৩১

বাংলাধারা ডেস্ক »

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে নৈশকোচ ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।  এ সময় আহত হয়েছেন আরো ৩১ জন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মিনিবাসের চালক বাবুল, মিনিবাসের যাত্রী আবুল কালাম আজাদ ও কামরুজ্জামান বাবু।

নিহত কামরুজ্জামান বাবু অগ্রণী ব্যাংকের মুন্সিরহাট শাখার কর্মকর্তা বলে জানা গেছে। ঠাকুরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজা বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ২৮ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। সাতজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী একটি নৈশকোচের সঙ্গে দিনাজপুরগামী মিনিবাসের সংঘর্ষ হয়। এতে মিনিবাসটি উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান।

পুলিশের ধারণা, গাড়ি দুটির গতি অনেক বেশি ছিল। একটি গাড়ি অন্য গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।

বাংলাধারা/এফএস/এমআর/এসবি

আরও পড়ুন