চট্টগ্রামের আনোয়ারা উপজেলার দক্ষিণ বারশত গ্রামে মায়ের অসুস্থতায় রান্না করতে গিয়ে দুর্ঘটনায় দগ্ধ হয়েছে আকলিমা (১৪) নামে এক স্কুলছাত্রী। গরম ডালভর্তি পাতিল হাত থেকে ছিটকে পড়ে তার মুখমণ্ডল, চোখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।
আহত আকলিমা উপজেলার দক্ষিণ বারশত গ্রামের রিকশাচালক সেলিম উদ্দিনের মেয়ে এবং বারশত-বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মাটির চুলায় রান্না করার সময় হঠাৎ হাত থেকে গরম ডালের পাতিল ছিটকে পড়ে এ দুর্ঘটনা ঘটে। অর্থাভাবে ঘটনার দিনই হাসপাতালে নিতে পারেনি পরিবার। পরদিন স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় প্রথমে তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, আকলিমার মুখমণ্ডল ও চোখের আশপাশের দগ্ধ অংশ সুস্থ করতে দীর্ঘমেয়াদি চিকিৎসার পাশাপাশি প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে। এতে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হবে।
আহতের বাবা সেলিম উদ্দিন বলেন, ‘রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে কোনোভাবে সংসার চলে। মেয়ের চিকিৎসার জন্য ধারদেনা করে কয়েক দিন চালিয়েছি। এখন আর খরচ বহন করার সামর্থ্য নেই। চিকিৎসক বলেছেন, নিয়মিত চিকিৎসা করাতে পারলে মেয়ের সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, তবে অন্তত এক বছর চিকিৎসা লাগতে পারে।’
স্থানীয়রা জানান, অভাব-অনটনের সংসার হলেও মেয়েদের পড়াশোনার বিষয়ে সবসময় আন্তরিক ছিলেন সেলিম উদ্দিন। মেয়ের প্রয়োজনের চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করতেন তিনি। এখন মেয়ের চিকিৎসা ব্যয়ই হয়ে উঠেছে তার সবচেয়ে বড় দুশ্চিন্তা।
বারশত-বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র সরকার বলেন, ‘আকলিমা অত্যন্ত মেধাবী, নম্র ও ভদ্র ছাত্রী। তার দুর্ঘটনার খবর শুনে শিক্ষক-শিক্ষার্থী সবাই মর্মাহত। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।’
স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ইসমাঈল বলেন, ‘চিকিৎসকদের মতে, যথাযথ চিকিৎসা পেলে আকলিমা সুস্থ হয়ে উঠতে পারে। তার চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে সম্ভব নয়। সমাজের বিত্তবান ব্যক্তি ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে মেয়েটির চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে।’
যোগাযোগ ও বিকাশ পার্সোনাল নম্বর : 01894161369













