চট্টগ্রামের রাউজানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আরও দুই মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আগামী ২৫ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদেশের দিন ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর ফারুক আহাম্মদ উপস্থিত ছিলেন।
এ সময় প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, তারেক আবদুল্লাহ, সুলতান মাহমুদ, জহিরুল আমিনসহ প্রসিকিউশন দলের অন্য সদস্যরাও আদালতে উপস্থিত ছিলেন।
শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও দুই মাস সময় চাওয়া হয়। ট্রাইব্যুনাল সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ২৫ অক্টোবর প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।
এর আগে গত ১৯ এপ্রিল একই মামলায় ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।
যে অভিযোগে মামলা
প্রসিকিউশনের অভিযোগ, ২০১০ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নেওয়ার পর গুম করা হয়। পরে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে প্রতিবেদন দাখিলের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।














