চট্টগ্রামের কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কর্ণফুলী জোন থেকে বদলি করা হয়েছে। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের ৩ আগস্ট এক প্রজ্ঞাপনে তাকে কর্ণফুলী জোন থেকে সরিয়ে মহেশখালী সার্কেল, কক্সবাজারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।
এর আগে গত ২১ জুলাই প্রকাশিত বাংলাধারার অনুসন্ধানী ‘এসি জামালের ‘শ্যোন-অ্যারেস্ট’ খেলায় ১০২ দিন জেল খাটলেন নির্দোষ সালা উদ্দিন!’ প্রতিবেদনে অভিযোগ করা হয়, কর্ণফুলী জোনের এসি জামাল উদ্দিন চৌধুরী নিজের কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশে বসতেন এবং এক ভুক্তভোগীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে পরপর একাধিক মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে দীর্ঘদিন কারাগারে রাখার ঘটনায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কর্ণফুলী উপজেলার বাসিন্দা মো. সালা উদ্দিন (৩৮) জমি-সংক্রান্ত বিরোধে এসি কার্যালয়ে সালিশে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, সালিশে একতরফা সিদ্ধান্ত মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর তিনি পুলিশের রোষানলে পড়েন। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় ধারাবাহিকভাবে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখিয়ে ১০২ দিন কারাগারে রাখা হয় বলে পরিবারের দাবি।
প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভুক্তভোগী পরিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), সিএমপি কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে বিভাগীয় তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।
এরই মধ্যে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের জারি করা সর্বশেষ প্রজ্ঞাপনে কর্ণফুলী জোন থেকে এসি মো. জামাল উদ্দিন চৌধুরীকে বদলি করা হয়েছে। একই প্রজ্ঞাপনে দেশের বিভিন্ন ইউনিটের আরও কয়েকজন পুলিশ কর্মকর্তারও পদায়ন পরিবর্তন করা হয়েছে।













