২১ সেপ্টেম্বর ২০২৬

মহেশখালী এফএসআরইউ সচল, চট্টগ্রামে কমতে পারে গ্যাস সংকট

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) কারিগরি ত্রুটি মেরামতের পর প্রায় দুই সপ্তাহ পর ফের জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এর ফলে চট্টগ্রাম অঞ্চলের চলমান গ্যাস সংকট ধীরে ধীরে কমবে বলে আশা করছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক মো. ইয়াকুব আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এফএসআরইউতে সৃষ্ট কারিগরি ত্রুটি দেশি-বিদেশি প্রকৌশলীদের সমন্বিত প্রচেষ্টায় মেরামত করা হয়েছে। বুধবার রাত থেকে টার্মিনালের দুটি বয়লারের মধ্যে একটি চালু হওয়ায় পুনরায় জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ শুরু হয়েছে।

কেজিডিসিএল সূত্র জানায়, বর্তমানে আনোয়ারা হয়ে পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলে প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি) গ্যাস সরবরাহ করা হচ্ছে। স্বাভাবিক সময়ে এ সরবরাহের পরিমাণ ২৬০ থেকে ২৭০ এমএমসিএফটির মধ্যে থাকে।

সংশ্লিষ্টরা জানান, একটি বয়লার চালু হওয়ায় আগে সম্পূর্ণ বন্ধ থাকা ৪৫০ এমএমসিএফটি গ্যাস একবারে যোগ না হলেও বর্তমানে ২০০ থেকে ২৫০ এমএমসিএফটি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হতে পারে।

গত ২১ জুলাই মহেশখালীর এফএসআরইউতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পর চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহ ব্যাহত হয়। পরে জাতীয় গ্রিড থেকে সরবরাহ কমিয়ে দেওয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে তীব্র গ্যাস সংকট সৃষ্টি হয়।

আরও পড়ুন