বাংলাদেশি ভিসাপ্রত্যাশীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। হাইকমিশনের কর্মকর্তার পরিচয়ে ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সতর্কতা দেওয়া হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় হাইকমিশন জানায়, প্রতারকরা নিজেদের হাইকমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে টাকার বিনিময়ে ভিসা বা অন্যান্য কনস্যুলার সেবা পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করছে।
ভারতীয় হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনোই ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না বা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসাসংক্রান্ত সব আবেদন নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।
এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। একই সঙ্গে অপরিচিত ব্যক্তির কাছে পাসপোর্টের কপি, ব্যক্তিগত তথ্য, ব্যাংক হিসাব বা অন্য কোনো আর্থিক তথ্য শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
বার্তায় আরও বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো প্রচেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণ [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
এ ছাড়া সাধারণ মানুষকে এ ধরনের প্রতারণা সম্পর্কে সচেতন থাকার এবং অন্যদেরও সতর্ক করার আহ্বান জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।













