২১ সেপ্টেম্বর ২০২৬

৩ কোটি টাকার ইয়াবা জব্দ

মোটরসাইকেলে ইয়াবা পাচার, পটিয়ায় র‍্যাবের হাতে আটক ৬

চট্টগ্রামের পটিয়ায় পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের আনুমানিক ১ লাখ পিস ইয়াবাসহ ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টার দিকে পটিয়া পৌরসভার ডাকবাংলো এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৭ জানায়, কক্সবাজার থেকে পাঁচটি মোটরসাইকেলে করে ইয়াবার বড় একটি চালান চট্টগ্রাম শহরে আনা হচ্ছিল। নজর এড়াতে কারবারিরা পটিয়া বাইপাস সড়ক এড়িয়ে বিকল্প অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকবাংলো এলাকায় চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেলগুলো থামিয়ে তল্লাশি চালানো হলে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ছয়জনকে আটক করা হয়।

আটকরা হলো— মো. বশির (৩৮), বেলাল উদ্দিন (৩২), নুরুল মোস্তফা (২৭), মো. সাইফুল (২৪), মো. হাসান (৩৯) ও মো. হোসেন (৩৭)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার রামু, কক্সবাজার সদর ও ঈদগাঁও উপজেলার বিভিন্ন এলাকায়।

র‍্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এক লাখ পিস ইয়াবা ও পাঁচটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে দুপুরে র‍্যাব-৭ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লে. কমান্ডার মো. তাওহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া মহাসড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে ইয়াবার বড় এই চালান জব্দ এবং সংশ্লিষ্ট মাদক কারবারিদের আটক করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন