বাংলাধারা প্রতিবেদন »
লক্ষ্মীপুরে এবার মিষ্টির দোকান থেকে ৪২ টি বিদেশি বিয়ারের ক্যান করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা। এসময় এসব বিয়ার বেচাকেনার অভিযোগে দুই মাদক ব্যবসায়ীকে প্রেফতার করে গোয়েন্দারা।
বুধবার (২১ আগস্ট) রাতে গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ সোলাইমানের নেতৃত্বে একটি দল জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের নন্দিগ্রামের পোদ্দার বাজার এলাকার বনফুল সুইটমিটে অভিযান চালিয়ে এসব বিয়ার উদ্ধার করেন।
আটককৃতরা হলেন- বশিকপুর এলাকার মোহাম্মদ সাহাব উদ্দিনের পুত্র মোহাম্মদ তারেক (২৬) ও নোয়াখালীর চাটখিল থানার রামনারায়নপুর এলাকার আব্দুল মালেকের পুত্র মোহাম্মদ কবির হোসেন (৪০)।

পরিদর্শক মোহাম্মদ সোলাইমান বাংলাধারাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনফুল সুইটমিট নামের একটি মিষ্টির দোকান থেকে ২১ টি রয়েল ঈগল ও ২১ টি বেলজিয়াম বিয়ারের ক্যান উদ্ধার করি। এসময় দোকানের মালিক তারেক ও তার সরবরাহকারী কবির হোসেনকে গ্রেফতার করি। তারা এক-অপরের সহায়তায় অনেকদিন ধরে এলাকায় অবৈধ মাদকের ব্যবসা করে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান চৌকষ এই গোয়েন্দা কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/এমআর












