কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২নং রোহিঙ্গা শিবিরে ইট ভর্তি ট্রাক উল্টে ঝুপড়ি চাপা দিলে মা-ছেলে নিহত হয়েছেন। এসময় আরও এক কিশোরী কন্যাকে গুরুতর আহত অবস্থায় কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই) ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে এনজিও ফোরামের নেয়া ট্রাক উল্টে সকাল ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ড্রাইভারসহ ট্রাকটি আটক করেছে পুলিশ।
আটক ট্রাক চালক মো. রাশেল (৩১) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আব্দুল মালেকের ছেলে।
নিহতরা হলো, কুতুপালং ক্যাম্পের ডি-ফাইভ ব্লকে মো. আনোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৩২) এবং তার ২ বছরের শিশু সন্তান মো. কায়সার।
কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প কমিটির সেক্রেটারী মোহাম্মদ নুর জানান, সড়কে কাজ করতে এনজিও ফোরাম ট্রাকভর্তি (চট্টমেট্টো-১১-০৬৭২) ইট আনে। দ্রুতগামী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ঝুপড়ি উপরে উল্টে যায়। এসময় ঝুপড়ির ভিতরে থাকা মা সাজেদা ও তার শিশু সন্তান কায়সার চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান। এসময় গুরুতর আহত অবস্থায় আনোয়ারের কিশোরী রাজমনি (১৭) কে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জনতার সহযোগিতায় ঘাতক ট্রাকসহ ড্রাইভারকে আটক করেছে। এ ঘটনায় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
বাংলাধারা/এফএস/এমআর












