বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মসজিদ থেকে এক হজ কাফেলা কর্মকর্তার ৫৫ হাজার রিয়ালসহ (বাংলাদেশি টাকায় ১২ লাখ) একটি ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৯ জুলাই) বিকেলে বিমানবন্দরের মসজিদে এ ঘটনা ঘটে।
ঘটনার শিকার ওই কর্মকর্তার নাম মো. নুরুল আবসার। তিনি নগরীর দারুল ইমাম ইন্টারন্যাশনাল হজ কাফেলার কর্মকর্তা।
বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, বিকেলে আসরের নামাজের সময় নুরুল আবসার বিমানবন্দরের মসজিদের বারান্দায় বসেছিলেন। ভেতরে তাদের প্রতিষ্ঠানের মাধ্যমে নিবন্ধিত হজযাত্রীদের কয়েকজন নামাজ আদায় করছিলেন।
এসময় নুরুল আবসারকে অন্যমনস্ক দেখা যায়। চারজন তার ব্যাগ নিয়ে দ্রুত বিমানবন্দরের মূল ফটকের দিকে চলে যায়। পরে নুরুল আবসার ব্যাগ না পেয়ে আমাদের কাছে অভিযোগ করেন।
ঘটনার পর সিসিটিভি’র ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বাংলাধারা/এফএস/এমআর












