বাংলাধারা প্রতিবেদন »
পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কারাবন্দি খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। বেলা তিনটার মধ্যেই ভরে গেছে বন্দরনগরীর কেন্দ্রস্থল নূর আহম্মদ সড়ক-নাসিমন ভবন চত্বর। এ মুহূর্তে সমাবেশে বক্তব্য রাখছেন ওয়ার্ড থানা উপজেলা ও জেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২০ জুলাই) বিকাল ৩টায় নগরীরর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সমাবেশে আগত ও মিছিলকারী নেতা-কর্মীদের মুখে মুখে এক আওয়াজ- মা খালেদা জিয়ার মুক্তি চাই, বেগম জিয়া জেলে কেন- জবাব চাই দিতে হবে। বিভিন্ন এলাকার ব্যানার নিয়ে নেতা-কর্মীদের মিছিলের স্রোত। বুকে খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছবি সম্বলিত ব্যাজ।

সমাবেশকে ঘিরে পুলিশের উপস্থিতি ব্যাপক। নূর আহম্মদ সড়কের পূর্ব পাশে সমাবেশে কর্মীদের জড়ো থাকতে দিয়ে সড়কের পশ্চিম পাশে যানবাহন চলাচল করতে দিচ্ছে পুলিশ। সেই পাশে কাউকে দাঁড়াতেও দেয়া হচ্ছে না। ২৬টি শর্তে চট্টগ্রাম মহানগর (সিএমপি) পুলিশ এ সমাবেশের অনুমতি দেয় গত শুক্রবার শেষ মুহূর্তে এসে। সড়কে জায়গা না পেয়ে আশপাশের অলিগলিতে ভিড় করেছেন অনেক কর্মী-সমর্থক ও উৎসুক জনতা। কাজীর দেউড়ী থেকে লাভ লেইন জুবিলি রোড পর্যন্ত এই দৃশ্য চোখে পড়ে।
চট্টগ্রাম বিভাগীয় এই সমাবেশকে ঘিরে এ অঞ্চলের বিশেষত তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মাঝে তুমুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। থানা ওয়ার্ড উপজেলা পাড়া-মহল্লা থেকে বাঁধভাঙা জোয়ারের মতো একের পর এক মিছিল আসছে। মহিলা কর্মীদের উপস্থিতিও ব্যাপক।
নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সড়কের একপাশে তৈরি করা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মোহাম্মদ শাহজাহান, মহাসমাবেশের প্রধান সমন্বয়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। সঞ্চালনায় আছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












