বাংলাধারা প্রতিবেদন »
সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাটস্থ সোনারগাঁও পেট্টোল পাম্পের পশ্চিমে আগুনে ২০টি ব্যাচেলর ঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২০ জুলাই) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয় তসলিম উদ্দিনের মালিকানাধীন ৪০ টি ব্যাচেলর ঘরে ভাড়ায় থাকতো শিপ ব্রেকিং ইয়ার্ডের শ্রমিকরা। দুপুরে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে তা দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে।
তাসলিম উদ্দিন জানান, তার ভাড়া ঘরে সবগুলো পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার সোলতান মাহমুদ বাংলাধারাকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












