বাংলাধারা প্রতিবেদন »
দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর কার্প জাতীয় মা-মাছের মজুদ বৃদ্ধির লক্ষ্যে হালদায় মাছের পোনা ছাড়ার একটি প্রকল্প হাতে নিয়েছে হাটহাজারী উপজেলা প্রসাশন।
প্রকল্পের আওতায় হালদা থেকে সংগৃহিত রেনু ক্রয় করে স্থানীয় গড়দুয়ারা ইউনিয়নের একটি পুকুরে নিবিড় পরিচর্যার কাজ শুরু হয় গত জুন থেকে। স্থানীয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে ৬ ইঞ্চি বা তারও বেশি আকার ধারণ করলে তা হালদা নদীতে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, বিভিন্ন কলকারখানার বর্জ্য ও মনুষ্য বর্জ্যে দূষিত হয়ে হালদায় প্রতি বছরই কমছে মা মাছের সংখ্যা। এত কমে যাচ্ছে মা-মাছের ডিম ছাড়ার পরিমানও। তাই মাছের মজুদ বাড়াতে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে প্রথমবারের মত হালদায় পোনা ছাড়ার প্রকল্প গ্রহন করা হয়েছে।
হালদা নদীতে মা মাছের পরিমাণ বৃদ্ধি পেলে ডিমের পরিমান বাড়বে যা দেশের মৎস্য সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, গত ২৫ মে হালদা নদীতে ডিম ছাড়ে মা মাছ। স্থানীয়রা সেই ডিম সংগ্রহ করে হ্যাচারি অথবা মাটির তৈরি কুয়ায় স্থানীয় পদ্ধতিতে রেনু উৎপাদন করে। সেখান থেকে এক লক্ষ টাকার রেনু ক্রয় করে স্থানীয় গড়দুয়ারা ইউনিয়নের একটি পুকুরে নিবিড় পরিচর্যার কাজ শুরু হয় গত জুন থেকে। স্থানীয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে ৬ ইঞ্চি বা তারও বেশি আকার ধারণ করলে তা আগামি ২০ আগস্ট হালদা নদীতে অবমুক্ত করার পরিকল্পনা করছি।
বাংলাধারা/এফএস/এমআর












