ইউএই প্রতিনিধি »
প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক-বিনোদনের খোরাক জোগাতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই মাতালেন সময়ের জনপ্রিয় কণ্ঠ শিল্পী ইমরান। একের পর এক তার পরিবেশনায় হল ভর্তি দর্শকরা কয়েক ঘন্টার জন্যে ফিরে পায় স্বদেশী আবহ ও বাংলা গানের স্বাদ।
দীর্ঘ বিরতি কাটিয়ে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত জমকালো এই আয়োজনের নাম ছিল ‘দুবাই গালা ২০১৯’। দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে বিনোদনমূলক এই অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এনটিভির আরব আমিরাত দর্শক ফোরাম। এসময় আরো সংগীত পরিবেশন করেন চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা ঝিলিক, ক্লোজ আপ তারকা সেফালী ও প্রবাসীবৃন্দ।
এনটিভি ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শক ফোরামের সভাপতি রাজা মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের শ্রম সচিব ফাতেমা জাহান। দর্শক ফোরামের সাধারণ সম্পাদক গুলশান আরা ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফোরামের সিনিয়র সহ সভাপতি শেখ ফরিদ সিআইপি, সহ সভাপতি ইসমাইল গণি চৌধুরী ও এনটিভি প্রতিনিধি শিবলী আল সাদিক প্রমুখ।
এসময় বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলাম, প্রথম সচিব ফকির মনোয়ার হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে দর্শক ফোরাম, শিল্পী ও উপস্থিত দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপক এন টিভির মধ্যপ্রাচ্য ইনসার্জ শিবলী আল সাদিক। অনুষ্ঠানে ২৪ জন সফল প্রবাসী শেকড় থেকে সাফল্যের শিখরে পৌঁছার প্রতিবেদনে সমৃদ্ধ মেগা ম্যাগাজিন ‘সমৃদ্ধি’ এর মোড়ক উন্মোচন করা হয়। সমৃদ্ধি’র সম্পাদনা করেন সমকাল এর ইউএই প্রতিনিধি কামরুল হাসান জনি। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৫০ জন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












