কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। এসময় তার কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার ভোরে অভিযানটি পরিচালনা করা হয়। আটক হামিদ হোসেন (৩৪) উখিয়া উপজেলার বালুখালী পূর্ব ফারিরবিল এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি পুরোনো রোহিঙ্গা।
টেকনাফস্থ র্যাব-১৫ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, নিজ বসত ঘরে ইয়াবা মজুদ ও কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি টিম বালুখালী পূর্ব ফাড়ি এলাকার হামিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়।
বাড়িতে তল্লাশি চালিয়ে র্যাব সদস্যরা ৫ হাজার ৭০০ পিস ইয়াবা ও ১ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা নগদ উদ্ধার করে। এসময় বাড়ির মালিক মাদক কারবারি হামিদ হোসেনকেও আটক করা হয়।
লেফটেন্যান্ট মাহতাব আরো জানান, আটক মাদক কারবারি বাংলাদেশে আশ্রিত পুরাতন রোহিঙ্গা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম/আরইউ












