চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) প্রশাসন বিভাগে শীর্ষ পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের অবসরজনিত ছুটিতে (পিআরএল) গমনের প্রেক্ষাপটে তার স্থলাভিষিক্ত হিসেবে চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দীনকে পরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়েছে।
রোববার (২ আগস্ট) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এ তথ্য জানানো হয়।
দপ্তরাদেশে বলা হয়েছে, পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক আগামী ৩ আগস্ট ২০২৬ তারিখ থেকে চাকরি হতে অবসরজনিত ছুটিতে (পিআরএল) গমন করবেন। এ কারণে একই তারিখ থেকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দীনকে তার বর্তমান পদে ন্যস্ত দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরিচালক (প্রশাসন) পদে পদায়ন করা হয়েছে।
আদেশ অনুযায়ী, মো. নাসির উদ্দীন ৩ আগস্ট থেকে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দপ্তরাদেশে উল্লেখ করা হয়েছে, এ পদায়নে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।














