চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যক্তি মিশন দত্ত চন্দনাইশ থানায় দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বরমা ইউনিয়নের একটি বিরোধপূর্ণ জমিতে গেলে অভিযুক্তরা মিশন দত্তকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন। এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, হামলায় মিশন দত্তের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং তাকে উদ্ধার করেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, স্থানীয়দের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হলেও অভিযুক্তরা পুনরায় হামলার চেষ্টা করে। একই সঙ্গে ভবিষ্যতে মিশন দত্ত ও তার পরিবারের সদস্যদের কুপিয়ে হত্যা করে লাশ গুম করার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী চন্দনাইশ থানায় দুইজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।














