২১ সেপ্টেম্বর ২০২৬

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে পার্কভিউ হাসপাতাল, ২,৫০০ জনকে ফ্রি চিকিৎসা

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নে দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে পার্কভিউ হাসপাতাল লিমিটেড।

বুধবার (৫ আগস্ট) আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ক্যাম্পে ২ হাজার ৫০০-এর অধিক বন্যাদুর্গত মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এ ক্যাম্পে অর্থোপেডিকস, মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি, ডায়াবেটিস, নাক-কান-গলা (ইএনটি), গাইনি, শিশু, চক্ষু এবং চর্ম ও যৌনরোগ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও বিনামূল্যে ওষুধ প্রদান করেন। এছাড়া বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা এবং স্থানীয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয়ের ব্যবস্থাও করা হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য সচেতনতা, নিরাপদ পানি পান, পুষ্টি এবং বন্যা-পরবর্তী বিভিন্ন রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

ক্যাম্প উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্কভিউ হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এটিএম রেজাউল করিম।

তিনি বলেন, ‘পার্কভিউ হাসপাতাল শুধুমাত্র একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়; এটি মানুষের পাশে থাকার একটি অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনে পার্কভিউ হাসপাতাল সর্বদা প্রস্তুত থাকবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিলাইশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এস. এম. কামরুজ্জামান। তিনি বলেন, বন্যার মতো দুর্যোগে দ্রুত চিকিৎসাসেবা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন। পার্কভিউ হাসপাতাল লিমিটেডের এ মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানও এ ধরনের কার্যক্রমে এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলা আরও কার্যকর হবে।

দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং পার্কভিউ হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ম্যানেজার জাহেদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিজাম উদ্দীন, কর্মকর্তা আব্দুস সোবহান, মশিউর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা গ্রহণকারী বন্যাদুর্গত মানুষ পার্কভিউ হাসপাতালের এ মানবিক উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পার্কভিউ হাসপাতাল লিমিটেডের কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা পালনে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বন্যা, মহামারি কিংবা যেকোনো দুর্যোগে অসহায় মানুষের জন্য চিকিৎসাসেবা, স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম ও মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

আরও পড়ুন