বাংলাধারা ডেস্ক »
মিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। এই তালিকায় ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার নাম রয়েছে।
আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় মিয়ানমারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব কামরুল আহসান।
রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গে মিয়ানমারের সফররত পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান। বৈঠকেই এ তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়।
কামরুল আহসান সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য আস্থা তৈরি করা দরকার। এ জন্য মিয়ানমার প্রতিনিধি দলের প্রথম সফর হলো। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে।
বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, এক সফরে সব সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের প্রতিনিধি দলের হয়তো আরও বেশ কয়েকবার আসতে হবে। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে হবে। রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আস্থা সৃষ্টি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা ফিরে যাবে না। বাংলাদেশ কাউকে জোর করে পাঠাবে না।
বাংলাধারা/এফএস/এমআর












