বাংলাধারা ডেস্ক »
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর আছড়ে পড়লে চারজন নিহত হন। এ সময় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন।
সোমবার (২৯ জুলাই) বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতী উপজেলার ডুমুরিয়া গ্রামের কিবরিয়া মোল্লা (৫০), একই গ্রামের গফ্ফার মোল্লা (৭০), লোকমান (৬০) ও চাঁন মিয়া (৩২)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, লোকাল বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার ব্যাসপুরে যাচ্ছিল। বাসটি ভাটিয়াপাড়া গোলচত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত হন।
আহত হন ২০ জন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে আরো একজন মারা যান। গুরুতর আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় তিনি।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












