চবি প্রতিনিধি »
রাজনৈতিক পরিচয়, পারিবারিক পরিচয়, এবং ছাত্রত্বসহ কোনো ধরনের অস্ত্র মামাল ও ইভটিজিংয়ের অভিযোগ আছে কিনা সবদিক যাচাই-বাছাই করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পদ দেওয়া হবে।
সোমবার (২৯ জুলাই) দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে চবি ছাত্রলীগের নতুন কমিটি ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় বক্তব্যে এসব কথা বলেন শাখা ছাত্রলীগের নব মনোনীত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
বক্তব্যে ইকবাল হোসেন টিপু বলেন, যারা ছাত্রলীগের নাম বিক্রি করে বিভিন্ন ধরনের অনিয়ম করছে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বেশ কিছু বিষয়ে পরিকল্পনা হাতে নিয়েছি। শিক্ষার্থীদের পাশে নিয়ে আমরা আগামী দিনে কাজ করে যাব এবং শীঘ্রই হল ও অনুষদসহ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
পদ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, আমরা যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবো এতে মেধাবীদের স্থান দেয়া হবে। মাঠে কেমন কাজ করছে, কোন ধরনের অপকর্ম, দোকানে খেয়ে টাকা না দেওয়া, সাংবাদিক লাঞ্ছিতে জড়িত, যৌন হয়রানিসহ বঙ্গবন্ধুর আদর্শ বহির্ভূত কোনো কাজের সাথে জড়িত আছে কিনা জীবনবৃত্তান্ত জমা নিয়ে যাবতীয় ব্যাপারে খতিয়ে দেখেই পদ দেওয়া হবে।
অনুপ্রবেশ ঠেকাতে জীবনবৃত্তান্ত নেয়ার পাশাপাশি পারিবারিক পরিচয় ও স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দের প্রত্যয়নপত্র নেয়া হবে বলেও জানান তিনি।
সভায় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবির সাথে আমরা সবসময় থাকবো। হলে খাবারের মান বৃদ্ধি, আবাসিক সমস্যা সমাধান, যাতায়াত সমস্যাসহ যাবতীয় সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে আমরা কাজ করবো।
তিনি বলেন, অস্ত্রের রাজনীতি বন্ধ করতে আমরা কাজ করে যাব। রাজনীতি হবে বুদ্ধিভিত্তিক অস্ত্র দিয়ে নয়। সাধারণ মানুষের কাছে ছাত্রলীগকে ইতিবাচক হিসেবে উপস্থাপন করতে কাজ করে যাব।
তিনি আরও বলেন, বর্তমানে ক্যাম্পাসে প্রতিক্রিয়াশীল গোষ্ঠি নাই বললেই চলে। যার কারণে আমাদের সরাসরি কোনো শত্রু নাই। আর যদি কাউকে প্রতিক্রিয়াশীল হিসেবে চিহ্নিত বা সন্দেহ হয় তাহলে তাকে না মেরে পুলিশের কাছে সোপর্দ করব।
গ্রুপিংয়ের ব্যাপারে তিনি বলেন, ক্যাম্পাসে এখন কোনো গ্রুপিং নেই। আমরা সভাপতি-সাধারণ একসাথে সকল প্রোগ্রামে যাচ্ছি। আমাদের কর্মীরা একসাথে কাজ করে যাচ্ছে। আ জ ম নাসির ভাই এবং নওফেল ভাই আমাদের দু’জনকে মনোনীত করেছেন সেক্ষেত্রে কোনো গ্রুপিং থাকার কথা না।
চবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন চবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল ফয়সাল ও সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।
প্রসঙ্গত, গত ১৩ জুলাই দিবাগত রাত একটার দিকে চবি ছাত্রলীগের দুই সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুকে মনোনীত করে কেন্দ্রীয় কমিটি।
বাংলাধারা/এফএস/এমআর












