বাংলাধারা ডেস্ক »
ডেঙ্গু রোগীর কাছ থেকে নমুনা সংগ্রহের পর কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই রিপোর্ট দেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা ক্রিসেন্ট হাসপাতালকে ১৭ লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৯ জুলাই) বিকেলে এই অভিযানে নেতৃত্ব দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।
সারওয়ার আলম জানান, এ যেনো কেঁচো খুঁড়তে এসে সাপ বেড়িয়েছে। ডেঙ্গুর পরীক্ষায় সরকার নির্ধারিত ফি ৫০০ টাকার বেশি নেওয়া হচ্ছে কি না সেটি তদারকি করতে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আসি আমরা। এখানে ডেঙ্গুর ফি সঠিক নিয়মে নেওয়া হলেও হাসপাতালের ল্যাবে গিয়ে মেলে ভয়াবহ চিত্র।
দেখা যায়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য রোগীদের কাছ থেকে সংগৃহীত নমুনা কোনো ধরণের পরীক্ষা না করেই তৈরি করা হয়েছে অসংখ্য রিপোর্ট। আবার কোনো পরীক্ষার জন্য ৭২ কিংবা ৪৮ ঘণ্টা সময় লাগলেও নমুনা সংগ্রহের ১২ ঘণ্টা পরেই তৈরি করা রিপোর্ট রোগীদের সরবরাহ করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেয়াদোর্ত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, অনুমোদনহীন ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায় অভিযানে।
তিনি আরও বলেন, তাদের সতর্ক করা হয়েছে। প্রথমবার ১৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরপর সংশোধন না হলে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হবে।
ক্রিসেন্ট হাসপাতাল ছাড়াও উত্তরার আরও কয়েকটি হাসপাতালে অভিযান চালানো হচ্ছে বলেও জানান র্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাধারা/এফএস/এমআর












