বাংলাধারা প্রতিবেদন »
ভিডিওচিত্র তৈরি করে গানে গানে ছেলেধরা গুজব রটানোর জন্য ফটিকছড়ির নাজিরহাট থেকে এক যুবককে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
আটক ব্যক্তির নাম হল- আলমগীর বিন কবির (৩৪)।
বুধবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে ফটিকছড়ির নাজিরহাট বাজারের হাসপাতাল রোডের বদিউল আলমের বহুতল ভবনের নিচতলায় অভিযান চালিয়ে ভিডিওচিত্রের মূল ভোকাল আলমগীর বিন কবিরকে (৩৪) আটক করা হয়। এ ঘটনায় ফটিকছড়ি থানায় একটি মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) প্রেস ব্রিফিংয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার একেএম এমরান ভুঁইয়া বলেন, ফটিকছড়িতে ভিডিওচিত্র তৈরি করে ছেলেধরা গুজব ছড়ানো হয়েছে। এই ভিডিওচিত্রে গানে গানে বাচ্চাদের স্কুলে না পাঠানোর জন্য বার্তা দেন আটক আলামগীর বিন কবির।
তিনি বলেন, ফটিকছড়ির নাজিরহাট বাজারের হাসপাতাল রোডের বদিউল আলমের বহুতল ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা মোবাইলে পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। যেখানে গানে গানে ছেলেধরা গুজবের তথ্য আছে।
এমরান ভুঁইয়া বলেন, এ ঘটনায় তার তিন সহযোগী জড়িত ছিল এবং আরো ১০/১২ জন অজ্ঞাত আসামি ছিল। বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












