৩ মে ২০২৬

গাড়িতে ‘পুলিশ’ স্টিকার লাগিয়ে ছিনতাই করতো তারা

বাংলাধারা ডেস্ক »

রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ ছয়জন ভুয়া গোয়েন্দা পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা পূর্ব বিভাগ। তারা পুলিশ লেখা স্টিকার গাড়িতে ব্যবহার করে ছিনতাইয়ের কাজ করতো। এ ছাড়াও নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করতো তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বজলু হোসেন, মো. আফসার হোসেন বাবু, মো. নুরুল আফসার, মো. হারুন, আলামিন ও মো. মঞ্জু মিয়া।

বৃহস্পতিবার (১ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন।

তিনি জানান, বুধবার রাতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডিবি পরিচয়দানকারী ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি পূর্বের গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম। এ সময় তাদের হেফাজত হতে তিনটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি, ২ হাজার ১০০ পিচ ইয়াবা এবং ডাকাতি কাজে ব্যবহৃত পুলিশ স্টিকারসহ মাইক্রোবাস উদ্ধার করা হয়।

ডিবির এই কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পুলিশ লেখা স্টিকার গাড়িতে ব্যবহার করে ব্যাংক কিংবা প্রতিষ্ঠানে আগত টাকা বহনকারী ব্যক্তিকে টার্গেট করতো। এর পর টার্গেটকৃত ব্যক্তিকে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা ইয়াবা ট্যাবলেট দ্বারা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গাড়িতে উঠিয়ে নিতো। এক পর্যায়ে তার টাকা-পয়সা, মূল্যবান স্বর্ণলংকার ছিনিয়ে নিয়ে তাকে নির্জন স্থানে ফেলে পালিয়ে যেত তারা।

বাংলাধারা/এফএস/এমআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ