বাংলাধারা প্রতিবেদন »
নগরীর বাকলিয়া থানাধীন বড় কবরস্থান এলাকা থেকে সরকারি সিটি কলেজের পরীক্ষার হলে নকল ধরায় দায়িত্বরত দুই শিক্ষককে মারধর করা নাজিম উদ্দিন নামে সেই পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে সদরঘাট থানা পুলিশ।
শুক্রবার (২ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ফারুকী। নাজিম উদ্দিন সিটি করপোরেশন পরিচালিত অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১ আগস্ট) সরকারি সিটি কলেজ কেন্দ্রে বিএড-এমএড পরীক্ষা চলাকালীন প্রশাসনিক ভবনের ৫০২ নম্বর কক্ষে এমএড পরীক্ষা দিচ্ছিলেন নাজিম উদ্দিন। দুপুর ১২টার দিকে তার কাছ থেকে নকল জব্দ করেন ওই কক্ষের দায়িত্বরত শিক্ষক ইকবাল হোসেন ও আরিফ মাহমুদ।
এ সময় ক্ষিপ্ত হয়ে নাজিম উদ্দিন তাদের সঙ্গে অশোভন আচরণ করেন এবং থাপ্পড়-লাথি দেন। পরে দ্রুত বের হয়ে কলেজ ক্যম্পাস থেকে সটকে পড়েন।
পরীক্ষা কমিটির সদস্য ও সিটি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক নাছির ভূঁইয়া বলেন, সিটি কলেজ কেন্দ্রে এমএড পরীক্ষা দিতে এসেছিলেন নাজিম। পরীক্ষা চলাকালীন হলের দায়িত্বরত শিক্ষক তার কাছ থেকে নকল জব্দ করে খাতা নিয়ে ফেলতে চাইলে নাজিম তাদের সঙ্গে অশোভন আচরণ করেন।
এক পর্যায়ে দুই শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে শিক্ষক ইকবাল হোসেন বাদি হয়ে নগরীর সদরঘাট থানায় মামলা দায়ের করেন বলে বৃহস্পতিবার রাতে জানিয়েছিলেন নাছির ভূঁইয়া।
বাংলাধারা/এফএস/এমআর/এসবি/আরইউ












