কক্সবাজার প্রতিনিধি »
কিছুদিন বন্ধ থাকার পর কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের অপহরণ শুরু করেছে স্বশস্ত্র দুর্বৃত্তরা। সড়কের হিমছড়ি ঢালায় শনিবার (৩ আগস্ট) সকালে সিএনজি অটোরিক্সায় ডাকাতির পর এক যাত্রিকে অপহরণ করেছে ডাকাতদল।
অপহৃত মাহবুবুর রহমান (৩০) নাইক্ষ্যছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের মধ্যম বাইশারী গ্রামের মৃত জাফর হোসেনের ছেলে। তিনি সদ্য প্রবাস ফেরত।
সিএনজিতে থাকা রাশেদ নামে এক যাত্রী জানান, কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন স্বজনকে দেখতে তারা বাইশারী থেকে ঈদগাঁও যাচ্ছিলেন। কক্সবাজার সদর ও রামুর সীমান্ত সড়ক ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় পৌছা মাত্র তাদের বহনকরা সিএনজি অটোরিকশাটি থামায় ৮-১০ জনের ডাকাতদল। সশস্ত্র ডাকাতদল যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইল নিয়ে নেয়।ডাকাতদল চলে যাবার সময় সিএনজি যাত্রি তার (রাশেদেরে) মামা মাহবুবুর রহমানকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃত মাহবুবুর রহমানের ভগ্নিপতি আব্দু রহমান জানান, অসুস্থ শাশুড়ীকে কক্সবাজার সদর হাসপাতালে দেখতে যাবার পথে আমার শ্যালক অপহৃত হয়েছেন।
ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ (ওসি-তদন্ত) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়েই আমরা অপহৃতকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছি।
ঈদগড় আর আর এফ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোর্শেদ আলম জানান, ঈদগাঁও-ঈদগড়-বাইশারী সড়কে সকাল ৮ টার আগে গাড়ি চলাচল না করার কথা। কিন্তু এরপরও স্থানীয়রা এসব বারণ না মানায় সড়কে অপহরণের মতো অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসাইন বলেন,
জরুরী প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হলে অনাকাঙ্খিত বিপদ এড়াতে এসময় পুলিশের সগযোগিতা নেয়া দরকার। অপহৃতকে উদ্ধারে চেষ্টা চলছে।
বাংলাধারা/এফএস/এমআর












