১১ নভেম্বর ২০২৬

চন্দনাইশে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৯

চট্টগ্রামের চন্দনাইশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৯ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১০টা থেকে আজ বুধবার (১১ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চন্দনাইশ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮ জনকে চন্দনাইশ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলা নম্বর ০৮/২৫ এবং বিস্ফোরক আইনের মামলা নম্বর ০৪/২৪-এর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। অপর একজনকে মাদক সেবন করে জনমনে বিঘ্ন সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পূর্ব চন্দনাইশ চৌধুরীপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৫৩), ধোপাছড়ি ইউনিয়নের নুরুল আমিন (৩৮), দোহাজারী পৌরসভার ইসপাতুল ইসলাম আকিব ওরফে আলভি (২০), একই পৌরসভার মো. আরাফাত ইসলাম (২০) ও নাইমুল ইসলাম (২০) এবং সাতবাড়িয়া ইউনিয়নের আরাফাতুল ইসলাম জিসান (২২), শাহরিয়া হোসেন মিজবা (২০) ও মো. তারিকুল নেওয়াজ (২২)।

এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাশিমপুরের মো. ইলিয়াস (৩০)-কে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে চন্দনাইশ থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ