১১ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে সিএনজি ও বিপুল ইয়াবা জব্দ, গ্রেফতার ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সলিম উল্লাহ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বড়ুয়া পাড়া চার রাস্তার মোড়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ১০০টি প্যাকেটে মোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনের অভিযোগে সিএনজিতে থাকা মো. সলিম উল্লাহকে গ্রেফতার করা হয়।

উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “মাদক নির্মূলে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি জব্দ করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ