চট্টগ্রামের রাউজানে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরীকে মোবাইল ফোনে চাঁদা দাবি এবং কোরআন ও পবিত্র কাবা শরিফের শপথ করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। দাবিকৃত টাকা না দিলে তাঁকে হত্যার পাশাপাশি পরিবারের সদস্যদের ক্ষতিসাধনের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে রাউজান থানায় অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। একই সঙ্গে রাউজানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
অভিযোগকারী মাওলানা মোহাম্মদ ইলিয়াছ নুরী (৫৮) রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি রাঙ্গুনিয়ার বেতাগী রহমানিয়া জামিউল উলূম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত। পাশাপাশি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাউজান দক্ষিণ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন।
গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বৃহত্তর সুন্নী ঐক্য জোটের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬ হাজার ৬৯৬ ভোট পেয়েছিলেন তিনি। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে বিজয়ী হন। নির্বাচনে ইলিয়াছ নুরী ছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী।
ইলিয়াছ নুরীর থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৬ মিনিট থেকে ০১৩৫০-৫৬৫৩০৯ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল আসে। পরে দুপুর ১টা ১০ মিনিটের দিকে তিনি ওই নম্বরে কলব্যাক করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যক্তি নিজের অনুসারীদের পরিচালনার জন্য তাঁর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। একই দিন সন্ধ্যার মধ্যে টাকা পরিশোধের সময়সীমা বেঁধে দিয়ে অন্যথায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, পরবর্তী সময়ে একই নম্বর থেকে একাধিকবার ফোন করে তাঁকে বিরক্ত ও ভয়ভীতি দেখানো হয়। এতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন তিনি। এ ঘটনায় সংশ্লিষ্ট মোবাইল নম্বরটির ব্যবহারকারীকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
ভুক্তভোগী ইলিয়াছ নুরী জানান, মাদ্রাসার অফিসে নামাজরত অবস্থায় প্রথমবার তাঁর ফোনে কল আসে। নামাজ শেষে একই নম্বর থেকে আবার ফোন এলে তিনি রিসিভ করেন। তখন অপর প্রান্তের ব্যক্তি তাঁর কর্মীদের জন্য টাকা দিতে হবে বলে জানায়। তিনি নিজেকে মাদ্রাসার চাকরিজীবী উল্লেখ করে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হুমকিদাতা দাবি করে, তাঁর আর্থিক অবস্থা সম্পর্কে সে জানে এবং টাকা দিতেই হবে।
ইলিয়াছ নুরীর ভাষ্য, টাকা না দিলে কোরআনের শপথ করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। প্রথমে আধা ঘণ্টা, পরে পাঁচ মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে কাবা শরিফের শপথ করেও প্রাণনাশের হুমকি দেয় ওই ব্যক্তি।
তিনি আরও জানান, হুমকিদাতা দাবি করেছে, রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে কয়েকজনকে হত্যার কথা বলার পর তাদের হত্যা করা হয়েছে। একপর্যায়ে তিনি চাঁদা দিতে পারবেন না জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আরও দুইবার ফোন এলেও তিনি আর রিসিভ করেননি। হুমকিদাতা নিজের পরিচয় দেয়নি কিংবা নির্দিষ্ট কোনো টাকার অঙ্কও উল্লেখ করেনি।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, তিনি একটি মামলার সাক্ষ্য দিতে মাদারীপুরে অবস্থান করছেন। ইলিয়াছ নুরী নামের একজন ব্যক্তি চাঁদাবাজির হুমকির বিষয়ে অভিযোগ নিয়ে থানায় এসেছিলেন। তিনি ডিউটি অফিসারকে অভিযোগটি গ্রহণ করতে বলেছেন। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাউজানে বিভিন্ন পেশার মানুষের কাছে শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের পরিচয়ে ফোন করে হুমকি ও চাঁদা দাবির অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। চিকিৎসক, গণমাধ্যমকর্মী, সাংস্কৃতিককর্মী, সামাজিক সংগঠনের নেতা, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন পরিস্থিতির শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীদের অনেকেই প্রাণভয়ে কিংবা পরবর্তী ঝামেলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেননি বলে জানা গেছে। সর্বশেষ একজন মাদ্রাসা অধ্যক্ষ ও রাজনৈতিক দলের উপজেলা সভাপতিকে হত্যার হুমকির ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।













