১৩ নভেম্বর ২০২৬

প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতে সহায়ক হতে পারে মিডওয়াইফরা

প্রসবকালীন নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেজির্ষ্ট্রাট মিডওয়াইফদের সক্ষমতা খুবই সহায়ক হতে পারে। এটি কাজে লাগানোর ব্যাপক সুযোগ রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক মিডওয়াইফ নিয়োগ, কর্মপরিবেশ উন্নয়ন এবং যথাযথ প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করা গেলে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) কক্সবাজার জেলা ইপিআই সেন্টারে ‘বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি’ (বিএমএস) আয়োজিত এক অংশীজন সভায় বক্তারা এসব কথা বলেন।

কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এম এ মান্নান।

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির প্রজেক্ট ম্যানেজার শারমিন শবনম জয়া ও টেকনিক্যাল অফিসার কানাতা আক্তার পৃথক দু’টি প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ এবং বিশেষ করে কক্সবাজারে কর্মরত মিডওয়াইফদের প্রয়োজন, পেশাগত চ্যালেঞ্জ ও কর্মপরিবেশের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় প্রত্যন্ত অঞ্চলে কর্মরত মিডওয়াইফরাও তাদের কাজের অভিজ্ঞতা, সীমাবদ্ধতা ও বাস্তব সমস্যার কথা অতিথিদের সামনে তুলে ধরেন।

বক্তারা বলেন, মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে দক্ষ মিডওয়াইফদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় নিরাপদ প্রসবসেবা পৌঁছে দিতে মিডওয়াইফদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। এজন্য পর্যাপ্ত জনবল নিয়োগের পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় উপকরণ, প্রশিক্ষণ, নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভায় কক্সবাজারে মিডওয়াইফ সেবার বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিত করে তা মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় জোরদার এবং মাতৃ ও নবজাতকের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সভায় বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রুজিনা খাতুনসহ জেলার বিভিন্ন পর্যায়ের মিডওয়াইফ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ