১৩ নভেম্বর ২০২৬

সাউদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা মেলায় তরুণদের উদ্ভাবনী ভাবনার প্রদর্শনী

তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, সৃজনশীল ব্যবসায়িক ধারণার বিকাশ এবং উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে সাউদার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ২৭তম উদ্যোক্তা উন্নয়ন মেলা–২০২৬। ‘উদ্ভাবন ও উদ্যোক্তার সম্মিলন: ধারণা থেকে প্রভাব সৃষ্টির পথে’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীরা নিজেদের পরিকল্পনা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার সমন্বয়ে তৈরি বিভিন্ন পণ্য এবং ব্যবসায়িক ধারণা উপস্থাপন করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CWCCI) প্রেসিডেন্ট আবিদা সুলতানা। তিনি শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং তাঁদের উদ্ভাবনী উদ্যোগ ও ব্যবসায়িক পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন CWCCI-এর ভাইস প্রেসিডেন্ট সুলতানা নূরজাহান ও পরিচালক নূজহাত নূয়েরী কৃষ্টি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউদার্ন ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান। এতে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ড. মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষক ও সমাজবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. আমির মুহাম্মদ নসরুল্লাহ। তিনি বলেন, নতুন কোনো ধারণা শুধু চিন্তার মধ্যে সীমাবদ্ধ থাকলে তা অর্থনৈতিক বা সামাজিক পরিবর্তন আনতে পারে না। সেই ধারণাকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার মধ্য দিয়েই উদ্ভাবনের প্রকৃত সার্থকতা আসে। বর্তমান বিশ্বে প্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্যোক্তা কার্যক্রম একে অপরের পরিপূরক। কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক অগ্রগতি ও টেকসই উন্নয়নে তরুণদের উদ্ভাবনী চিন্তাকে উদ্যোক্তা উদ্যোগে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে আবিদা সুলতানা বলেন, শিক্ষাজীবন থেকেই ব্যবসায়িক ধারণা নিয়ে কাজ করা এবং নিজেদের উদ্যোগ প্রদর্শনের শিক্ষার্থীদের এ প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। তরুণদের মধ্যে সৃজনশীলতা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেশের ভবিষ্যৎ অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারীদের অংশগ্রহণ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের শুধু চাকরির সুযোগ নয়, নিজস্ব ব্যবসা ও উদ্যোগ গড়ে তোলার ক্ষেত্রেও উৎসাহিত করতে হবে। নতুন উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা দিতে চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সবসময় পাশে রয়েছে। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বপ্ন ও নতুন ধারণাগুলোকে বাস্তব উদ্যোগে পরিণত করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন ও সৃজনশীল চিন্তার চর্চা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে সহকারী অধ্যাপক তাসনীম ইসলামের তত্ত্বাবধানে মেলাটি আয়োজন করা হয়। এবারের মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মোট ১০টি স্টলে বিভিন্ন পণ্য ও সৃজনশীল ব্যবসায়িক ধারণা প্রদর্শিত হয়। মেলার শেষ পর্যায়ে সেরা স্টল ও প্রকল্পের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের অর্জিত জ্ঞানের সঙ্গে বাস্তব ব্যবসায়িক অভিজ্ঞতার সংযোগ ঘটাবে এবং ভবিষ্যতে দক্ষ ও সৃজনশীল উদ্যোক্তা তৈরিতে ভূমিকা রাখবে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ