বাংলাধারা ডেস্ক »
দুধের সাথে পানি, স্কিম মিল্ক পাউডার এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাস্তুরিত দুধ তৈরি করায় নারায়ণগঞ্জের আড়াই হাজারে বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড লিমিটেডের পরিচালকসহ ৮ জনকে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। ফ্যাক্টরীটি সিলগালা করে দেয়া হয়েছে।
বুধবার (৭ আগস্ট) সকাল ১১ টা থেকে রাত ৯ টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দের র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম।
সরোয়ার আলম বাংলাধারাকে বলেন, ১০০ লিটার দুধের সাথে পানি, স্কিম মিল্ক পাউডার এবং বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে ২৮০০ লিটার পাস্তুরিত দুধ তৈরি করে বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড লিমিটেড নামক প্রতিষ্ঠানটি। কখনো কোন দুধ ছাড়াই শুধু স্কিম মিল্ক পাউডার, সোডিয়াম, লবণ, চিনি ও অন্যান্য রাসায়নিক দ্রব্য মিশিয়ে প্রতিদিন তৈরি করছে ১৫ থেকে ২০ হাজার লিটার পাস্তুরিত দুধ। এ অপরাধে নারায়ণগঞ্জের আড়াই হাজারে বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড লিমিটেডের পরিচালক সহ ৮ জনকে ২ বছর , ১ জনকে ১ বছর, ৩ জনকে ৬ মাস করে কারাদন্ড এবং ৫৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ফ্যাক্টরীটি সিলগালা করে দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, অভিযানে সহযোগিতা করেন র্যাব-১১, প্রাণিসম্পদ অধিদপ্তর ও বিএসটিআই । প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ে করার নির্দেশ দেয়া হয়।
বাংলাধারা/এফএস/এমআর/টিএম












