বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভার থেকে নিচে পড়ে যাওয়া যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোহাম্মদ আকবর (২৪)। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৭ আগস্ট) আকবর ঢাকা থেকে সৌদিয়া বাস যোগে রাত সোয়া আটটায় সিইসি মোড়ে আসেন। গাড়ি থেকে নামার ১৫ মিনিটের মধ্যেই ফ্লাইওভার থেকে নিচে পড়ে যান তিনি। তিনি এখন মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
তবে, পুলিশ এখন পর্যন্ত ফ্লাইওভার থেকে তার পড়ে যাওয়ার কারণ জানাতে পারেনি।
খুলশী থানার পরিদর্শক (ওসি) শাহীনুজ্জামান জানান, আকবরের বাড়ি সিলেটের মৌলভী বাজারে। তিনি জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বিবিএ চতুর্থ বর্ষে অধ্যায়নরত। ঢাকার লালবাজারে একটি মেসে থাকেন। আমরা তাঁর পরিবারের কাছে খবর পাঠিয়েছি। আকবরের বোন এসেছে।
ওসি বলেন, আকবর মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে ভর্তি আছে। ফ্লাইওভার থেকে তার পড়ে যাওয়ার কারণ এখনো জানা যায়নি। তিনি কথা বলতে পারছেন না। তাঁর চট্টগ্রামে আসার বিষয়টি পরিবারের সদস্যরা জানে না।
প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থল সূত্রে জানা যায়, শুক্রবার আনুমানিক রাত সাড়ে আটটার দিকে সিএন্ডবি কলোনির সামনে ফ্লাইওভার থেকে নিচে পড়ে ওই যুবক। যার নাক ও মুখ ছাড়াও পেটের অংশ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। ২৫ থেকে ৩০ বছর বয়সী ওই যুবকের কাঁধে একটি ব্যাগও ছিল।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বলেন, ‘গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন অজ্ঞাত ওই যুবককে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।
বাংলাধারা/এফএস/এআই












