২০ নভেম্বর ২০২৬

আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা, পুলিশের জালে ৮

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বক্সের ভেতরে থাকা কয়েকটি প্লাস্টিকের চেয়ারসহ আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চাতরী চৌমুহনী পিএবি সড়কসংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দায়িত্ব পালন শেষে ট্রাফিক পুলিশ সদস্যরা বক্সটি তালাবদ্ধ করে চলে যান। শুক্রবার ফজরের সময় দায়িত্ব পালনে এসে তাঁরা বক্সটির এক পাশের কাচ ভাঙা এবং ভেতরে আগুন লাগানো অবস্থায় দেখতে পান। আগুনে কয়েকটি প্লাস্টিকের চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়। এতে বক্সটিতে বসে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে বলে জানান সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাতরী চৌমুহনী ট্রাফিক পুলিশ বক্সের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোহাম্মদ আশিকুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বক্সে আগুন দেওয়ার পাশাপাশি বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। সকালে দায়িত্ব পালনে এসে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে আনোয়ারা থানা পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ট্রাফিক পুলিশ বক্সের আশপাশসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন